টেক্সাস ওকলাহোমায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা ও হাউস্টনে কয়েক দিনের টানা ঝড়-বৃষ্টিতে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে জনবসতিপূর্ণ হাউস্টনে মারা গেছে চার জন। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সাহায্যের জন্য হাজারো ফোন কল পেয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ঝড়-বন্যায় টেক্সাসের প্রায় ৪০টি কাউন্টিতে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। টেক্সাসের গভর্নর বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
 
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা এবং টর্নেডোতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে সেতু। হাউস্টনের একটি সমাধি থেকে  একটি কফিন অন্যত্র ভেসে গেছে। হাউস্টনের মেয়র আনেস পার্কার এক সংবাদ বিবৃতিতে বলেন, বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তার পানিতে পরিত্যক্ত অবস্থায় আটকে পড়েছে অনেক গাড়ি। হাউস্টনে পানিতে আটকে পড়া গাড়ির মধ্যে দুই জনের মৃতদেহ পাওয়া গেছে। রাস্তা পানিতে ডুবে থাকায় চলাচলের জন্য সাধারণ মানুষ সার্ফবোর্ড ব্যবহার করছে।
 

ওকলাহোমা মেডিক্যাল পরীক্ষা দফতর থেকে বলা হয়েছে, দুর্যোগের কারণে রাজ্যের সাপ্তাহিক ছুটির দিন থেকে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাউস্টন অগ্নি নির্বাপণকারী বাহিনী অন্তত:৫০০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।