শসস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান-সংক্রান্ত আইন (এএফএসপিএ) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ত্রিপুরা। মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘আমরা প্রতি ছয় মাস অন্তর প্রদেশের অস্থিতিশীল এলাকাগুলো পর্যালোচনা করে দেখেছি। এ ইস্যু নিয়ে প্রাদেশিক পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সাথে কথা বলেছি। তারা আমাদের বলেছেন—এখানে এখন জঙ্গি তত্পরতা নিয়ন্ত্রণে রয়েছে, তাই এ ধরনের আইনের কোনো প্রয়োজনীয়তা তারা দেখছেন না—জানান মুখ্যমন্ত্রী।
এ দিকে, ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বার্তায় লিখেছেন—এএফএসপিএ প্রত্যাহার মানবতার জন্য জয়। এ আইন উত্তর-পূর্বাঞ্চলীয় আরো চারটি প্রদেশ এবং জম্মু ও কাশ্মিরে প্রয়োগ করা হয়েছে। তবে কেন্দ্রের অনুমতি ছাড়াই এ আইনের প্রয়োগ থেকে সরে আসতে পারবে যেকোনো প্রদেশ।
এ আইনের আওতায় সেনাবাহিনী অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সহিংসতাপূর্ণ এলাকায় তারা প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে পারবে, যে কাউকে হত্যা, কোনো ধরনের বিচার ও পরোয়ানা ছাড়াই সন্দেহপূর্বক কাউকে আটক করা এবং জেল হাজতে রাখতে পারবে।