মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট পরার আইন আছে। আইন না মানলে জরিমানার বিধান আছে। ভারতেও আছে একই আইন। তাই হেলমেট না পরার অভিযোগে এক চালককে জরিমানা ও মামলা করেছে মিরাটের পুলিশ। কিন্তু ওই চালক মোটরসাইকেল চালাচ্ছিলেন না, তিনি চালাচ্ছিলেন প্রাইভেট কার। এই ঘটনা ভারতের গণমাধ্যমে ছাপা হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মিরাট ট্রাফিক বিভাগ।
সবুজ নামের ওই লোকটি জানান, তিনি ছেলেকে নিয়ে যাচ্ছিলেন ডাক্তারের কাছে। এমনিতেই দেরি হয়ে যাওয়ায় কিছুটা বিরক্ত ছিলেন তিনি। পথে পুলিশ তার গাড়ির কাগজপত্র দেখতে চায়। তিনি অনুনয় বিনয় করে বলেন, ছেলেকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে পৌছাতে না পারলে আজ আর সিরিয়াল পাবেন না। কিন্তু পুলিশ মহাশয় নাছোড়বান্দা। তিনি কাগজপত্র দেখবেনই। শুরু হয় তর্কাতর্কি। শেষে গাড়ির পেছনে গিয়ে ব্যাগ খুঁজে কাগজপত্র বের করে পুলিশের কাছে দিলেন সবুজ। কোনো ত্রুটি না পেলেও পুলিশ এতই ক্ষিপ্ত হয়ে ছিলেন যে তার বিরুদ্ধে ‘হেলমেট না পরার’ অভিযোগে মামলা ঠুকে দেন! তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কানে যাবার পর মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে সবুজকে। দায়িত্বে গাফিলতির অভিযোগে ওই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। -এনডিটিভি