ইরানে ডেটিং সাইট চালু

 
ইরানের বিশাল তরুণ সম্প্রদায়ের মধ্যে  বিয়ে বিচ্ছেদের উচ্চহার মোকাবেলা করতে সরকারি উদ্যোগে একটি ডেটিং ওয়েবসাইট চালু করা হয়েছে। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে বিবিসি।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ২২ শতাংশ দম্পতির বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের মধ্যে দিয়ে শেষ হয়। রাজধানী তেহরানে এই হার আরো বেশি।
 
বিচ্ছেদের এই প্রবণতা ৩০ বছরের নিচের দম্পতিদের মধ্যেই সবচেয়ে বেশি, দেশটির জনসংখ্যার বেশিরভাগই এই বয়সী। এই পরিসংখ্যান দেশটির কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে।
 
 
IMG0
 
চলতি বছরের শুরু দিকে ডেটিং সাইট চালুর পরিকল্পনার কথা জানান ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক উপমন্ত্রী মাহমুদ গোলরাজি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ‘এক লাখ বিয়ের’ ব্যবস্থা করার মাধ্যমে ‘তরুণদের বিয়ে সমস্যার সমাধান হবে’।
 
নতুন এই সাইটির নাম ‘হামসান.তেবিয়ান.নেট’। এই সাইটটি পরিচালনা করছে ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
 
সাইটটি পরিচালনার সঙ্গে প্রায় ১০০ জনের একটি দল জড়িত। বর্তমানে শুধু তেহরানে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও দেশটির অন্যান্য শহরগুলোতেও এর কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা আছে। সূত্র: বিবিসি।