আইএসে যোগ দিতে মেলবোর্ন ছেড়েছেন ১২ অস্ট্রেলীয় নারী

 
 
 
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগদানের উদ্দেশ্যে মেলবোর্ন ছেড়েছেন ১২ অস্ট্রেলীয় নারী। এরা সবাই উত্তর মেলবোর্ন ও দক্ষিণ-পূর্ব উপশহরের বাসিন্দা। এ ছাড়া, ওই জিহাদিদের দলে এরই মধ্যে শতাধিক অস্ট্রেলীয় যোগ দিয়েছেন বলেও জানা গেছে। খবর বিবিসির। 
 
অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে—আইএসের ডাকে সাড়া দেয়া এ সব নারীদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ২৯ বছর বয়সের মধ্যে এবং সামাজিক গণমাধ্যম থেকে এদের রিক্রুট করা হয়েছে।
 
ভিক্টোরিয়া পুলিশের এক বিশেষ তদন্তে বলা হয়েছে—এদের মধ্যে অন্তত পাঁচজন সংঘাতময় এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে অবস্থান করছে।  এর আগে ২৬ বছর বয়সী নারী জেসমিনা মিলোভানভ চলতি মাসের শুরুতে তার ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তানকে বেবিসিটারে  রেখে চলে যান। এরপর তিনি আর ফেরেননি।
 
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ বলেছে—তাদের সন্ত্রাস দমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে।
২০১৪ সাল থেকে অস্ট্রেলীয় নাগরিকদের আইএসের হয়ে লড়তে যাওয়ার প্রবণতায় দেশটিতে উদ্বেগ বাড়ছে। অস্ট্রেলীয় সরকার বলেছে—এ খবর খুবই বিব্রতকর এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
অস্ট্রেলীয় সরকার জানিয়েছে—ইরাক ও সিরিয়ায় জিহাদিদের হয়ে লড়তে এরই মধ্যে শতাধিক অস্ট্রেলীয় সেখানে পালিয়ে গেছেন। এর মধ্যে ৩০ জনের বেশি অস্ট্রেলীয় নিহতও হয়েছেন।