সৌদি আরবে আবারো শিয়া মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী গাড়ি বোমা হামলায় হামলাকারীসহ মোট চার জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। খবর বিবিসি’র।
সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম শহরে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের বাইরে গাড়ি বোমা হামলা চালানো হয়। পুলিশের ধারণা, গাড়ির ভেতরে থাকা হামলাকারীও নিহত হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হামলার লক্ষ্য ছিল মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা। মসজিদের পার্কিং এলাকায় একটি গাড়ি দাঁড় করানো ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটির দিকে হেঁটে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়ে ৪ জন নিহত হয়। বিস্ফোরণে আশেপাশের বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী জানান, হামলায় এক পথচারী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
আইএস এক ট্যুইটার বার্তায় জানিয়েছে, হামলাকারীর নাম আবু জান্দাল আল-জিজরা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও সে হামলা করতে পেরেছে বলে জানায় আইএস।