অক্সফোর্ডে প্রথম নারী ভিসি

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নারী ভাইস চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে প্রফেসর লুইস রিচার্ডসন দায়িত্ব পালন করবেন।  ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো কোনো নারী ভিসি নিয়োগ দেয়া হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 
প্রফেসর রিচার্ডসন এর আগে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রিউসের প্রিন্সিপাল এবং ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমান ভিসি অ্যান্ড্রিউ হ্যামিলটনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অক্সফোর্ডে প্রথম নারী কলেজ প্রতিষ্ঠা শুরু হয় উনবিংশ শতাব্দীতে। আর ১৯২০ সালে নারীরা পরিপূর্ণ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন। ১৯৭৪ সালে নারীরা ব্রেসেনোস, জিসাস কলেজ, ওয়াডহাম, হার্টফোর্ড এবং সেন্ট ক্যাথেরিনস নামের পুরুষ কলেজগুলোতে ভর্তি হতে শুরু করেন।