সির্ত বিমানবন্দর দখলে নিয়েছে আইএস

 
মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সির্তের বিমান বন্দর দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গত বৃহস্পতিবার লিবিয়ার উপকূলীয় শহরটির বিমানবন্দর নিয়ন্ত্রণে নিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। খবর- বিবিসির।
 
গাদ্দাফির জন্ম শহর সির্তের অধিকাংশ এলাকা গত সপ্তাহে নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইএস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, নদীর পানি প্রকল্প এলাকাও দখলে নিয়েছে তারা। বিশ্বের সবচেয়ে বড় সেচ প্রকল্পের আওতায় এখান থেকে পানি নিয়ে দেশটির বিভিন্ন শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
 
এছাড়াও এলাকাটিতে বিরোধী ব্যাটালিয়ন ১৬৬ এর একটি ঘাঁটিও ছিল। বর্তমানে এ ব্যাটালিয়নের লোকজন পলাতক রয়েছে। এই ব্যাটালিয়ন এবং অন্যান্য ইসলামি জঙ্গিরা এখন দেশটির রাজধানী ত্রিপলি নিয়ন্ত্রণ করছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তাদের স্বীকৃতি দেয়নি।
 
এছাড়া আল-ঘরদাবিয়া বিমানবন্দর এখন জঙ্গিদের বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০১১ সালে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা ঘাঁটিটি দখল করে নিয়েছিল।
 
এদিকে ঐ বছর অক্টোবরে সির্তে সাবেক নেতা গাদ্দাফির মৃত্যুর পর দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষমতা নেওয়ার আকাঙ্ক্ষায় বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো লড়াই শুরু করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ত্রিপলি ছেড়ে যেতে বাধ্য করা হয়। এদিকে গত সাত মাসে লিবিয়ার বিভিন্ন শহরে আইএসের অবস্থান দৃঢ় হয়েছে।