ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮৯ রাজনীতিক ও সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া এই পাল্টা পদক্ষেপ নিল। খবর রয়টার্সের।
ইউক্রেনে রাশিয়া সমর্থিত বাহিনী এবং ইউক্রেন সৈন্যদের মধ্যে চলা দীর্ঘদিনের সংঘর্ষে এ পর্যন্ত ৬ হাজার ২শ’ মানুষ প্রাণ হারিয়েছেন। ইউক্রেন, ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব অভিযোগ করেছে, রাশিয়া এসব সৈন্যকে মদদ দিচ্ছে। আর রাশিয়া সেটি বারবারই অস্বীকার করে আসছে। চলতি সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইইউ এর একটি প্রতিনিধি দলের কাছে নিষেধাজ্ঞার এই তালিকা হস্তান্তর করে। এসব ব্যক্তি রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ ভিসা নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া রাশিয়ার নাগরিকদের সম্পত্তিও জব্দ করা হয়।