বিয়ে বাড়ি থেকে রাচীর নিজ বাড়িতে ফেরেন কৃষ্ণ প্রসাদ। খুশি মনে ফিরলেও বাড়িতে এসে তার তো চক্ষু চড়কগাছ! এক মাসের বিদ্যুৎ বিল বাবদ তাকে ধরিয়ে দেয়া হয়েছে ৫৫ কোটি রুপির একটি রসিদ!
বিদ্যুৎ বিল দেখে কৃষ্ণ প্রসাদ হতভম্ব হলেও অসুস্থ হয়ে পড়েন তার মা। তাকে তখনই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
ক্ষুব্ধ কৃষ্ণ প্রসাদ বলেন, আপনি জানেন, ওদের ভুলের কারণে আমার মা প্রায় মরতে বসেছিলেন। আমি এই লোকদের কাঠগড়ায় দাঁড় করাব।
কৃষ্ণ প্রসাদের পাঁচ সদস্যের পরিবার যে বাড়িতে বাস করে তার শয়নকক্ষ দুইটি। এখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নেই । গরমের সময় বেশিরভাগ বাড়িতে দিনে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।
ঝাড়খণ্ডের বিদ্যুৎ বিভাগ দাফতরিক ভুলেই এই অমার্জনীয় ভুলটি হয়েছে। বিভাগটি জানিয়েছে, এই কারণে দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সূত্র: এনডিটিভি।