জাপানের রাজধানী টোকিও’র রেল স্টেশন থেকে সুটকেস বন্দী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এ স্টেশনের লকারে সুটকেসটি একমাস ধরে পড়েছিল। জাপানের পুলিশ সোমবার এ কথা জানিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এপ্রিল মাসের শেষ দিক থেকে সুটকেসটি পরিত্যক্ত অবস্থায় লকারে পড়েছিল। পরে এটিকে লাগেজ স্টোরেজে পাঠানো হয়। একমাস পরেও এটিকে কেউ দাবি না করায় স্টোরেজ কোম্পানি সুটকেসটি খুলে ফেলে।
পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, সুটকেসটি খোলার সময়ে আমরা অস্বাভাবিক দুর্গন্ধ পাচ্ছিলাম। এর পরপরই আমরা চুল দেখতে পাই।
পুলিশ বলছে, সুটকেসে ৭০ থেকে ৯০ বছর বয়সী একজন নারীর গলিত লাশ পাওয়া গেছে। নারীটির উচ্চতা ছিল ৪ ফুট ৭ ইঞ্চি। সুটকেসে লাশটি ভাঁজ করে রাখা ছিল।
উল্লেখ্য টোকিও স্টেশন জাপানের অন্যতম ব্যস্ত স্টেশন। সারা বছর স্টেশনটিতে ১৫ কোটি যাত্রী আসা যাওয়া করে। সূত্র: এএফপি