মিয়ানমার সীমান্তের কাছে সামরিক মহড়া চালাবে চীনের সামরিক বাহিনী। চীনসহ দক্ষিণপূর্ব এশিয়ায় জাতিগত সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এ মহড়া চালাতে যাচ্ছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ইউনান প্রদেশে মঙ্গলবার এ মহড়া শুরু হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এ মহড়ায় কি ধরণের অস্ত্র ব্যবহার করা হবে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় শান রাজ্যে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরই মহড়ার এ ঘোষণা এলো। এদিকে দেশটি গত ফেব্রুয়ারি মাসে কোকাং অঞ্চলে জরুরী অবস্থা ঘোষণা করে।
গত মার্চ মাসে মিয়ানমারের একটি যুদ্ধবিমান থেকে একটি আখ ক্ষেতে বোমা ফেলা হলে চীনের পাঁচ নাগরিক নিহত ও অপর আটজন আহত হয়।
এ ঘটনার পরই বেইজিং ওই সীমান্তে টহল দিতে যুদ্ধবিমান পাঠিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে।