এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে রাজধানী কারাকাসের রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করেছে ভেনিজুয়েলার কয়েক হাজার মানুষ। এছাড়া দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে।
কারাকাসে অনুষ্ঠিত রবিবারের ওই মিছিলে প্রায় তিন হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন কারাবন্দী নেতা লিওপোল্ডো লোপেজের স্ত্রী লিলিয়ান টিনটোরি। এসময় আরো উপস্থিত ছিলেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ কুইরোজা। মিছিলে অংশ নেয়া সাবেক মেয়র ড্যানিয়েল সেবাল্লসের স্ত্রী প্যাট্রিসিয়া সেবাল্লস তার স্বামীর বন্দীত্বের প্রতিবাদে চুল কেটে ফেলেছেন। বেশিরভাগ বিক্ষোভকারী শান্তির প্রতীক হিসেবে সাদা জামা পরে এসেছিলেন। তারা জেলখানার পোশাক পরা বিরোধী নেতাদের ছবি হাতে নিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীরা লোপেজ এবং সেবাল্লসের পাশাপাশি বিরোধী দলের আরেক নেতা কারাকাসের সাবেক মেয়র অ্যান্তোনিও লেডেজমারও মুক্তি দাবি করেন।
সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে গত বছর লিওপোল্ডো লোপেজ এবং ড্যানিয়েল সেবাল্লসকে গ্রেফতার করা হয়। বিক্ষোভের ফলে নিহত ৪৩ ব্যক্তির মৃত্যুর জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী দলের ওই দুই নেতাকে দায়ী করেন।
এরা দুইজন চলতি সপ্তাহ থেকে জেলের ভিতরে অনশন শুরু করেছেন। এদিকে, লাতিন আমেরিকার সাবেক দুই প্রেসিডেন্টের এদের দেখতে যাওয়ার বিষয়টি গত শুক্রবার আটকে দিয়েছে ভেনিজুয়েলার সরকার।সূত্র: বিবিসি