সৌরশক্তিচালিত বিমানের মাধ্যমে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে সোলার ইমপালস অবতরণের জন্য জাপানে ফিরে যাচ্ছে।
সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, চীন থেকে হাওয়াইয়ের উদ্দেশে যাত্রা করার ৩৬ ঘণ্টা পর যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট।
সোলার ইমপালসের পুরো দলটি এখন পরিষ্কার আকাশের অপেক্ষায় জাপানে অপেক্ষা করবে।
বিমানটিতে একাই উড়ছেন সুইস পাইলট আন্দ্রেঁ বোর্শবার্গ। টুইটার বার্তায় তিনি বলেছেন যে, তিনি হতাশ, তবে পরবর্তী প্রচেষ্টার জন্য অপেক্ষা করছেন।
নাগোয়ার কোমাকি বিমানঘাঁটিতে স্থানীয় সময় রাত ১১টায় বিমানটি অবতরণ করার কথা রয়েছে। সোলার ইমপালসের ওয়েবসাইট থেকে বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে।