বায়ুদূষণের কারণে মানুষের মৃত্যুর হার গত দশকের চেয়ে চার গুণ বেড়েছে। প্রতিবছরে ৮০ লাখ মানুষ ঘরে ও বাইরের বায়ুদূষণে মারা যাচ্ছে। সম্প্রতি বিশ্ব সাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন তথ্য জানিয়েছে।
সংগঠনটির বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে মারা যাওয়া মানুষদের বেশিরভাগ চীন ও ভারতে।
ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে নানা রকমের রোগের প্রাদুর্ভাব ঘটেছে। ঘরের মধ্যে বায়ুদূষণে প্রতি বছর ৪৫ লাখের বেশি মানুষ মারা যায়। অন্যদিকে, ৩৭ লাখের বেশি মানুষ বাইরের বায়ুদূষণে মারা যাচ্ছে। এই দূষণের প্রধান শিকার হচ্ছে বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ঘরের মধ্যে বায়ুদূষণের কারণে প্রতি বছর ১৫ লাখ মানুষ চীনে ও ১৩ লাখ মানুষ ভারতে মারা যাচ্ছে। অর্থাৎ বিশ্বের বায়ুদূষণের কারণে তিনভাগের দুইভাগ মারা যাচ্ছে এশিয়ার এই দুই দেশে।
বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের রোগ, বিভিন্ন ধরনের হৃদরোগ ও ক্যানসার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচও-এর বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে উল্লিখিত তথ্য জানানো হয়। সমাবেশে স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব মোকাবেলায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।