মরক্কো ২০৩০ সাল নাগাদ তাদের ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নি:সরণ কমপক্ষে ১৩ শতাংশ কমিয়ে আনবে। মঙ্গলবার দেশটির পরিবেশ বিষয়কমন্ত্রী এমন ঘোষণা দেন।
বাসসের খবরে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠেয় জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) ২১তম অধিবেশনের প্রাক্কালে এ ঘোষণা দেয়া হলো।
এক ঘোষণায় দেশটির পরিবেশমন্ত্রী হাকিমা এল হাইতি বলেন, মরক্কো ২০৩০ সাল নাগাদ তাদের ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৩ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, মরক্কো ২০১৬ সালে ইউএনএফসিসিসির ২২তম অধিবেশনের আয়োজন করবে।
তিনি জানান, এ গ্যাস নিঃসরণ হ্রাসে মরক্কোকে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় বহন করতে হবে।
গ্রিনহাউস গ্রাস নিঃসরণের লাগাম টেনে ধরার বিষয়ে ২০২০ সাল পরবর্তী একটি চুক্তি নিয়ে ইউএনএফসিসিসির সদস্যভুক্ত ১৯৫টি দেশের মধ্যকার দীর্ঘ ছয় বছরের বাদানুবাদ প্যারিস সম্মেলনে সমাধানের চেষ্টা করা হবে।