দুই দিনের বাংলাদেশ সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের সামনে বক্তব্য নিয়ে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বক্তব্যে তিনি সাম্প্রদায়িকতা ও হিংসার বিরুদ্ধে বার্তা দেবেন। খবর আনন্দবাজার পত্রিকার।
সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একান্ত আলোচনাতেও অগ্রাধিকার পেতে চলেছে এই প্রসঙ্গটি।
ওই প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ যাওয়ার প্রাক্কালে ভারতের সংখ্যালঘু ধর্মীয় নেতাদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করে মোদী সাফ জানিয়ে দিয়েছেন, সামপ্রদায়িকতাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই একই বার্তা নিয়ে তিনি শনিবার ঢাকার বিমানে উঠতে চলেছেন।