৪৫৮ জন আরোহী চীনের ইয়াংজি নদীতে জাহাজডুবির ঘটনায় এ পর্যন্ত ৬৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৭০ জনেরও বেশি আরোহী। খবর রয়টার্সের।
সোমবার রাতে টর্নেডোর আঘাতে কয়েক মিনিটেই উল্টে যায় পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি। এটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে নিহত ও নিখোঁজদের পরিবারের ক্ষুব্ধ সদস্যরা মিছিল নিয়ে পুলিশি কর্ডন ভেঙে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়ার আশাও ছেড়ে দিচ্ছেন তারা।
উদ্ধার অভিযান তদারকি করতে যাওয়া খোদ চীনা প্রধানমন্ত্রী লি খা ছিয়াং উদ্ধার ও তল্লাশি অভিযানের ‘সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে’ প্রকাশের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল যোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি। তারপরও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না নিহত ও নিখোঁজদের ক্ষুব্ধ স্বজনরা।
নিখোঁজ আরোহীদের খোঁজে তল্লাশি অভিযানের সীমা ইয়াংজি নদীর ভাটিতে ২২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে। প্রবল বৃষ্টির কারণে নদীতে পানির স্রোত থাকায় জাহাজডুবির স্থান থেকে লাশ বহুদূর ভেসে যেতে পারে বলে ধারণা করছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।
খবর রয়টার্সের।