ভারতে সাংবাদিককে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় উত্তর প্রদেশের মন্ত্রী রামমূর্তি ভারমাকে গ্রেফতার করেছে পুলিশ। পেট্রোল ঢেলে আগুন লাগানোর পর গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তির পর গত সোমবার মারা যান সাংবাদিক যগীন্দ্র সিং। মন্ত্রী রামমূর্তি ভারমাসহ আরো চার জনকে গতকাল আটক করেছে পুলিশ।
কিছুদিন আগে এক নারী শ্রমিক আদালতে অভিযোগ করেন, ঐ মন্ত্রীর নির্দেশে তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণের বিষয়টি নিয়ে সাংবাদিক যগীন্দ্র সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। যগীন্দ্রের ওপর হামলার পরেও বহাল তবিয়তেই ছিলেন তিনি। তবে সোমবার হাসপাতালে মারা যাওয়ার পর মামলা নিতে বাধ্য হয় পুলিশ।
যগীন্দ্র সিংয়ের ছেলে রাঘবেন্দ্র সিং অভিযোগ করেন, তার বাবা মন্ত্রীর বিরুদ্ধে প্রচারণা চালানোতে মন্ত্রী ক্ষুব্ধ হয়েই পুলিশ এবং গুন্ডা পাঠিয়ে তার বাবার ওপর আক্রমণ চালায়। গত ১ জুন তাদের বাড়িতে ঢুকে তার বাবার ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলে গুরুতর আহত অবস্থায় লক্ষ্নৌ হাসপাতালে ভর্তি করা হয়।