ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা (এফএসএসএআই) এর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হল নেসলে। ভারতে বিক্রি হওয়া কোম্পানিটির ম্যাগি নুডুলসে বিপজ্জনক মাত্রায় সীসা এবং মোনো-সোডিয়াম গ্লুটামেট পাওয়া যাওয়ায় তা বিক্রি বন্ধ করতে নেসলেকে নির্দেশ দেয় এফএসএসএআই।
৫ জুন জারি করা এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে বিচারবিভাগীয় পুনর্বিবেচনার আবেদন করল নেসলে। শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার নেসলের তরফে জানানো হয়েছে, 'ম্যাগি বিতর্কের সুষ্ঠু সমাধান চাইছে নেসলে। তাই আদালতে আবেদন জানানো হয়েছে।' পাশাপাশি বাজার থেকে নেসলের যাবতীয় নুডুলস তুলে নেয়ার প্রক্রিয়াও চলতে থাকবে বলে জানানো হয়েছে। আদালতের নির্দেশের পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে নেসলে। শেয়ার বাজারে বেশ কয়েকদিন ধরে নেসলের দর পতনের পর বৃহস্পতিবার ফের বেড়েছে কোম্পানিটির শেয়ার মূল্য। সূত্র: আনন্দবাজার পত্রিকা