চীনের সাবেক নিরাপত্তা প্রধানের যাবজ্জীবন

 
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝো ইয়ংকাংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনি জ্যেষ্ঠ রাজনীতিক।
 
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তার বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও জাতীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতে দেয়া বক্তব্যে তিনি বলেন, 'পার্টি ও জনগণের যে ক্ষতি আমি করেছি তা আমি অনুধাবন করতে পেরেছি। আমি এর জন্য অনুতপ্ত ও অপরাধের দায় স্বীকার করছি'।
 
২০১২ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি দেশটির সবচেয়ে ক্ষমতাশালীদের মধ্যে অন্যতম ছিলেন।
 
প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার এক বছর পর ইয়ংকং এর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ।
 
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে আদালতে তাকে বক্তব্য দিতে দেখা যায়। এসময় তিনি রায়ের বিরুদ্ধে আপিল না করার কথাও আদালতকে জানান। সূত্র: বিবিসি