বহিষ্কার হতে পারেন আম আদমি নেতা তোমার

 
 
 
প্রতারণা ও জালিয়াতির দায়ে আটক দিল্লির সাবেক আইনমন্ত্রী ও আম আদমি পার্টি (এএপি) নেতা জিতেন্দর সিং তোমারকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। এএপির ঊর্ধ্বতন নেতাদের সূত্রে জানা গেছে—পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ চটে আছেন তোমারের ওপর। খবর হিন্দুস্তান টাইমস।
 
চলতি বছরের এপ্রিলে তোমরের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহারের অভিযোগ উঠলে অরবিন্দ কেজরিওয়ালের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তোমার। তোমারের কথায় বিশ্বাস রেখে তার পক্ষও নেন মুখ্যমন্ত্রী। উত্তর প্রদেশের ফাইজাবাদ কলেজের সনদ দাখিল করেছিলেন জিতেন্দর সিং তোমর। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে তোমারের সনদের কোনো রেকর্ড নেই বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।
 
এরই প্রেক্ষিতে প্রতারণা ও জালিয়াতির মামলায় তোমারকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে দিল্লি পুলিশ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন দিল্লির একটি আদালত। এ ঘটনার পরই তোমার মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন বলে জানানো হয়। এরপর বৃহস্পতিবার জিতেন্দর সিং তোমারের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠায় দিল্লির একটি আদালত।
 
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে—বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এএপির কয়েকজন ঊর্ধ্বতন নেতা তোমারের সঙ্গে দেখা করেছেন। আগামী দু-এক দিনের মধ্যে দলের পক্ষ থেকে তার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে বলেও সূত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়েছে।
 
নাম প্রকাশ না করে দলের কয়েকজন ঊর্ধ্বতন নেতার বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—বহিষ্কারের সিদ্ধান্তই চূড়ান্ত হতে পারে তোমারের ব্যাপারে।
 

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী জিতেন্দর সিং তোমার দিল্লির ত্রিনগর সংসদীয় আসন থেকে  বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নেন। এএপিতে যোগ দেয়ার আগে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।