এয়ার ইন্ডিয়ার খাবারে টিকটিকি!

এয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডন ফ্লাইটের এক যাত্রী এয়ারলাইন্সের পক্ষ থেকে পরিবেশন করা খাবারে জ্যান্ত টিকটিকি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠে। ভারতীয় গণমাধ্যম এমন খবর দিচ্ছে। খবর বাসসের।
 
এয়ার ইন্ডিয়া অবশ্য এই খবর অস্বীকার করে বলছে তাদের কাছে এমন কোন অভিযোগ আসেনি।
 
কিন্তু ব্যাপকভাবে প্রচারিত এক ছবিতে দেখা যাচ্ছে সেলোফেনে মোড়া এক বানরুটির ভেতর থেকে উঁকি দিচ্ছে এক ক্ষুদ্র টিকটিকি।
 
খবরে বলা হচ্ছে, ওই যাত্রী তার জন্য ‘বিশেষ খাবারের’ অনুরোধ জানানোর পর তাকে এই টিকটিকি সহ খাবার পরিবেশন করা হয়।
 
ভারতের বিমান পরিবহন মন্ত্রী এ ঘটনাকে গুরুতর উল্লেখ করে বলেছেন, এয়ারলাইন্সের যেমন ‘টিকটিকি’ পরিবেশন করার কথা নয় তেমনি পাচকদেরও টিকটিকি রান্না করার কথা নয়!