যুক্তরাষ্ট্রে ডালাস পুলিশ সদর দপ্তরে বন্দুক হামলা

 
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে পুলিশ সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে চার জন হামলাকারী পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
 
হামলায় অংশ নেয়া এক জন অস্ত্র সজ্জিত একটি গাড়িতে চড়ে পালিয়ে যায় বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। হামলায় কোন পুলিশ কর্মকর্তা আহত হয়নি।
 
পুলিশ সদর দপ্তরের বাইরে কয়েকটি ব্যাগ পাওয়া গেছে। এর মধ্যে একটিতে পাইপ বোমা থাকার কথা পুলিশ টুইটার বার্তায় নিশ্চিত করেছে। তবে হামলার পেছনের কারণ নিয়ে এখনো পরিষ্কার করে কিছু জানায়নি পুলিশ।
 
ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, হামলারকারীরা চারজন ছিলেন। হামলা চালানোর পর এক জন একটি ভ্যানে চড়ে পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।
 
এর পরই কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ ওই ভ্যানটিকে প্রায় ১৪ কিলোমিটার ধাওয়া করে। গাড়িটি একটি কার পার্কিং এলাকায় পুলিশের গুলিতে অকেজো হয়ে যায়। সেখানে পুলিশ তার সাথে আলোচনা চালাচ্ছে। যে ভ্যানটিতে চড়ে ওই হামলাকারী পালিয়ে যায়, সেটি থেকে অস্ত্র চালানোর জন্য বিশেষ ব্যবস্থা আছে।
 
পুলিশে কাছে হামলাকারী তার নাম জেমস বোলওয়ার বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে তার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। তিনি জানিয়েছেন, তার সন্তানকে পুলিশ নিয়ে যাওয়ার কারণে তিনি পুলিশের ওপর বদলা নিতে হামলা চালান।
 
বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা কাজ শুরু করার পর সতর্কতার অংশ হিসেবে পুলিশ সদর দপ্তরের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ রোবট দিয়ে সরানোর চেষ্টা করা হলে তা বিস্ফোরিত হয়।