ব্রিটেনে শীর্ষস্থানীয় একটি মুসলিম সংগঠন এবছর ব্রিটেনে রোজা রাখার সময় কিছুটা কমিয়ে আনার সুপারিশ করেছে। গ্রীষ্মকালে দিন দীর্ঘ হওয়ায় এবছর দেশটিতে প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হতে পারে।
ব্রিটেনে রোজা রাখার এই সময় মধ্যপ্রাচ্য বা বিশ্বের যেকোনো মুসলিম দেশে রোজা রাখার সময়ের তুলনায় বেশি। অধিকাংশ দেশেই এ বছর ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হতে পারে।
ব্রিটেনের মুসলিম সংগঠনটির নেতা ড. হাসান বলছেন, অনেকের জন্যেই এতো দীর্ঘ সময় ধরে কিছু না খেয়ে থাকা সমস্যার সৃষ্টি করতে পারে।
উত্তর মেরুর কাছাকাছি দেশটিতে গ্রীষ্মকালের মাঝামাঝি দিনগুলো খুব বেশি লম্বা হয়।
তবে ব্রিটেনে বহু মুসলিম এই প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছেন। অনেকেরই মতে, তারা যেদেশে বসবাস করছেন সেদেশে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় অনুসরণ করেই তাদেরকে রোজা রাখতে হবে।
তাদের যুক্তি হল যতক্ষণ ধরেই রোজা রাখা হোক না কেন একসময় মানুষের শরীর এতে অভ্যস্ত হয়ে যায়। সূত্র: বিবিসি