যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে আনুষ্ঠানিক প্রচারণা নেমেছেন বুশ পরিবারের সদস্য জেব বুশ। এর আগে তিনি ফ্লোরিডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজ শহর মিয়ামিতে সোমবার এক র্যালিতে জেব বুশ বলেছেন, দেশের বর্তমান দুরবস্থা ঘোচাতে প্রার্থী হচ্ছেন তিনি। এর আগে তার বাবা জর্জ বুশ এবং ভাই জর্জ ডব্লিউ বুশ দুজনই দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেব বুশ যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী এমন আভাস আগেই পাওয়া যাচ্ছিল। শুরুতেই তিনি নিজের নামের প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধু ‘জেব’ নিয়ে প্রচারণা শুরু করেছেন। এই নিয়ে রিপাবলিকান দলের ১১ জন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন।
র্যালিতে দেয়া ভাষণে ওয়াশিংটনের তথাকথিত এলিটদের সমালোচনা করে জেব বলেন, পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত এমন একজনের যিনি দেশটির বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বদলে দেবেন। তিনি বলেন, ‘দেশটির ইতিহাসের সবচেয়ে ধীর অর্থনৈতিক গতি, ঋণের বোঝা বৃদ্ধি এবং মধ্যবিত্ত নাগরিকদের ওপর ব্যপক করের বোঝা বাড়ানোর জন্য দায়ী বর্তমান সরকার।
এ অবস্থা পরিবর্তনে নিজের নির্বাহী দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে বিশ্বের সেরা অর্থনীতিতে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
খবর বিবিসি বাংলা অনলাইনের।