এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দক্ষিণপশ্চিমাঞ্চলে তিন সেন্টিমিটার সরে গেছে। মঙ্গলবার চীনের একটি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কারণে এভারেস্টের গতিপথ উত্তরপূর্বাঞ্চলের বিপরীতে সরে গেছে। দেশটির ‘ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রিশন অব সার্ভেয়িং, ম্যাপিং অ্যান্ড জিও’ এর বরাত দিয়ে বার্তা সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের আগে গত দশকে এভারেস্ট ৪০ সেন্টিমিটার উত্তরপূর্বাঞ্চলে সরে গেছে। অর্থাত্ প্রতিবছর এটি চার সেন্টিমিটার করে সরে গেছে। এছাড়া পর্বতশৃঙ্গটি তিন সেন্টিমিটার উঁচুও হয়েছিল।
ভূমিকম্পের কারণে এভারেস্টে ধসের কারণে ১৮ জন পর্বতারোহী মারা গেছেন। চলতি বছর চীন ও নেপালের কর্তৃপক্ষকে এভারেস্টে আরোহণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছিল। পর্বতশৃঙ্গটি দুই দেশের সীমানার মধ্যে অবস্থিত।
গত ২৫ এপ্রিল ও ১২ মে’র বড় দুইটি ভূমিকম্পে নেপালে আট হাজার ৭০০ মানুষ মারা গেছে। এছাড়া সেখানে ভূমিধস ও অনেক ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। সূত্র: এএফপি।