গুপ্তচরবৃত্তির দায়ে মুরসির ২৫ বছরের কারাদণ্ড

 
গুপ্তচরবৃত্তির মামলায় মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহম্মদ মুরসিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। স্থানীয় সময় মঙ্গলবার এই আদেশ দেয়া হয়।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই মামলায় মুরসির পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের সাধারণ নির্দেশক মোহাম্মদ বাদেইকেও ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সব মিলিয়ে ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা এসাম এল-এরিয়ান ও সাদ এল-কাটাটনিসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
 
একই মামলায় মুসলিম ব্রাদারহুডের নেতা খাইরাত এল-শাহতার, মোহম্মদ এল-বেলতাগি ও আহমেদ আবদেলাতিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১৩ আসামির অনুপস্থিতিতে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে শাস্তি পাওয়া ব্যক্তিরা আপিল করতে পারবেন।
 
গত মাসে পুলিশ অপহরণ, পুলিশি ব্যবস্থার উপর হামলা ও হোসনি মোবারকের বিরুদ্ধে বিক্ষোভের সময় জেল ভেঙে আসামিদের পালাতে সহায়তা করার অপরাধের মামলায় মুরসিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
 
মিসরের ইতিহাসে মুরসি প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে দেশটির সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। সূত্র: রয়টার্স।