ফিলিপাইনের বিদ্রোহী গ্রুপ মরো ইসলামিক লিবারেল ফ্রন্টের (এমআইএলএফ) প্রথম ব্যাচটি অস্ত্র সমর্পণ বিষয়টি নিশ্চিত করেছে। একটি শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে আনুমানিক ১০ হাজার সদস্যের মধ্যে বিদ্রোহী গ্রুপটির ১৪৫ জন সদস্য অস্ত্রসমপর্ণ করল। অনুষ্ঠানটিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো আকিনো উপস্থিত ছিলেন। খবর বিবিসির।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে—শান্তির প্রতি অঙ্গীকারস্বরূপ ওই অনুষ্ঠানে পঁচাত্তরটি অস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে সরকার এবং এমআইএলএফ শান্তিচুক্তির জন্য একটি কর্মকাঠামোতে একমত হয়। এর ধারাবাহিকতায় অস্ত্র সমর্পণ করা বিদ্রোহীদের সমাজের মূলধারায় অর্ন্তভুক্ত করা হবে।
ফিলিপাইনের একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে—শিক্ষা, প্রশিক্ষণ এবং জীবনধারণের জন্য প্রত্যেক বিদ্রোহীকে সরকার নগদ ২৫ হাজার ফিলিপিনো পেসো (৫৫৫ মার্কিন ডলার) দেবে।
বিদ্রোহী গ্রুপগুলো থেকে সদস্যদের প্রত্যাহার প্রক্রিয়াটি সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি বলে এমআইএলএফ শান্তি প্যানেলের চেয়ারম্যান মোহাঘের ইকবাল জানান। স্টার পত্রিকাকে তিনি বলেন, ‘শান্তির জন্য, মিনদানাতে সত্যিকারের শান্তি থাকার জন্য এবং যোদ্ধাসহ জনগণের জীবনের স্বাভাবিকীকরণের প্রয়োজনে আমাদের প্রত্যাহারে উদ্যোগী হতে হবে এবং তাদের অস্ত্র ব্যবহার থেকে দূরে রাখতে হবে।’