বিচারের মুখোমুখি করা হচ্ছে ভ্যাটিকানে দূতকে


যৌন হয়রানি ও শিশু পর্নোগ্রাফির অভিযোগে ভ্যাটিক্যানের সাবেক দূত জোসেফ ওয়েসলোভস্কিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডমিনিকান রিপাবলিকে ভ্যাটিকানের দূত হিসেবে দায়িত্বপালনের সময় ওয়েসলোভস্কি শিশুদের যৌন নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। ১১ জুলাই থেকে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

৬৬ বছর বয়সী ওয়েসলোভস্কির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণেরও অভিযোগ রয়েছে। দুই বছর আগে দায়িত্ব নেয়া পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির  অভিযোগের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কয়েকদিন আগেই যাজকদের শিশু নির্যাতনের ঘটনা বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল অনুমোদন করেন পোপ ফ্রান্সিস। তার কয়েকদিন পরই সাবেক আর্চ বিশপ ও দূত জোসেফ ওয়েসলোভস্কির বিচার প্রক্রিয়া শুরু হল। এই ট্রাইব্যুনালের শাস্তি দেয়ার ক্ষমতা রয়েছে।
 
যৌন অপরাধ ও শিশুপর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে এই প্রথম ভ্যাটিকানের কোনো সর্বোচ্চ কর্মকর্তা বিচারের মুখোমুখি হচ্ছেন। ডমিনিকান ছেলেশিশুদের যৌননিপীড়নের অভিযোগে পোল্যান্ডের নাগরিক ওয়েসলোভস্কিকে ২০১৩ সালে ডমিনিকান রিপাবলিক থেকে ভ্যাটিকানে ফেরত আনা হয়।

চার্চের এক ট্রাইব্যুনালে তিনি অপরাধী সাব্যস্ত হওয়ার পর তার পদ কেড়ে নেয়া হয়। এ ধরনের অভিযোগে চার্চের এত উচ্চ পর্যায়ে কারো পদ হারানোর ঘটনা এই প্রথম। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, ওয়েসলোভস্কি যে তথ্যপ্রযুক্তি কৌশল ব্যবহার করতেন তাও নিবিড়ভাবে পরীক্ষা করে দেখা হবে।

গেল বছরের সেপ্টেম্বর থেকে তিনি ভ্যাটিকানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। ভগ্ন স্বাস্থ্যের কারণে তাকে কারাগারে পাঠানো হয়নি বলে ভ্যাটিকান জানিয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তার ছয় থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সূত্র: বিবিসি