যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বার্কলেতে একটি ফ্ল্যাটবাড়ির পাঁচতলার বারান্দা ধসে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন আইরিশ শিক্ষার্থী ও অপর এক তরুণী রয়েছেন। আহত আরো সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক শিক্ষার্থীর ২১তম জন্মদিন উপলক্ষে ঐ বাড়ির পাঁচতলায় একটি পার্টির আয়োজন করা হয়েছিল। রাত একটার কিছুসময় আগে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় ১০ ফুট বাই পাঁচ ফুটের বারান্দাটি ধসে নিচের তলার বারান্দার ওপর গিয়ে পড়ে। ধসে পড়ায় কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে সেখানে কোনো অপরাধ সংঘটনের আলামত পায়নি পুলিশ।
বার্কলের মেয়র টম ব্যাটেস ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। সূত্র: বিবিসি।