সিরিয়ার দেরায় বিমান হামলায় নিহত ১৬

 
সিরিয়ার দেরায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। 
 
স্থানীয় অধিবাসীরা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসকে জানান, মঙ্গলবার হামলার সময় নিহতরা মক্তবে পবিত্র কোরআন পাঠ করছিলেন। হামলার ব্যাপারে সিরিয়ার সরকার কোন মন্তব্য করেনি। 
 
সম্প্রতি দেরায় সরকার বিরোধীরা তাদের অবস্থান সুসংহত করছে। এই শহরটিতেই ২০১১ সালে প্রথম আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। মঙ্গলবারের বিমান হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। এর আগে মঙ্গলবারই যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনে। 
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তিনি নিশ্চিত সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের থেকে অনেক বেশি মাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। দেশটিতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।  সূত্র: বিবিসি