সুষমা স্বরাজকে বরখাস্ত করার দাবি রাহুলের

 
আইপিএল কেলেঙ্কারির সাথে জড়িত ললিত মোদীকে ভিসা পেতে সহায়তা করার অভিযোগ তুলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সুষমা স্বরাজকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। 
 
তবে একা রাহুল নন, কংগ্রেস থেকে বাম সকলেই এব্যাপারে একমত। যদিও ক্রমবর্ধমান আক্রমণের মুখে সুষমা স্বরাজের পাশেই দাঁড়িয়েছে বিজেপি। শুধু দল নয়, আরএসএস-কেও পাশে  পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারপরও সব মিলিয়ে ললিত কেলেঙ্কারিতে বেশ বেকায়দায় বিজেপি।
 
সাবেক আইপিএল কর্তা ললিত মোদীকে বিদেশে যাওয়ার ভিসা পেতে সাহায্য করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রবিবার এই খবর প্রকাশ্যে আসার পর কার্যত সরগরম হয়ে উঠে দেশটির রাজনৈতিক অঙ্গন। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইপিএলের এক সময়কার চেয়ারম্যান ললিত মোদী বরখাস্ত হন। তার পাসপোর্টও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচতে তিনি লন্ডনে থেকে যান। 
 
অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য পর্তুগাল যেতে মোদী যুক্তরাজ্যের ভারতীয় বংশোদ্ভূত সাংসদ কিথ ভাজ-এর শরণাপন্ন হন। ভাজ সেসময় ফোন করেন সুষমাকে। চব্বিশ ঘণ্টার মধ্যেই ললিত পর্তুগালসহ আরও কয়েকটি দেশে যাওয়ার অনুমতি পান। বিতর্কের শুরু সেখান থেকেই। 
 
প্রশ্ন উঠেছে, যাকে ভারতের অর্থ মন্ত্রণালয় জেরা করতে চায় এবং প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছে তার জন্য সুষমা কেন অনুরোধ জানাবেন। টুইট করে ঘটনার সত্যতা স্বীকার করে নেন সুষমা নিজেই। তার দাবি, ‘মানবিক কারণে’ তিনি ললিতকে সাহায্য করেছিলেন। এর পরই বিরোধীরা একজোটে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। সূত্র: এনডিটিভি