আফগানিস্তানের কুন্দুজে দাতব্য সংস্থা ‘ডক্টর উইথ আউট বর্ডার্স’ পরিচালিত হাসপাতালে বিমানের হামলায় হতাহতদের ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
সপ্তাহ খানেক আগে মার্কিন বিমানের হামলার ঘটনায় অন্তত ২২ রোগী ও স্টাফ নিহত হন। পরে যুক্তরাষ্ট্র অবশ্য এ হামলার জন্য ভুল স্বীকার করে বলেছে, তারা তালিবান গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছিল। দাতব্য সংস্থাটি বলেছে, এটি একটি যুদ্ধাপরাধ এবং হামলার ঘটনাটি একটি আন্তর্জাতিক কমিটিকে তদন্তের আহ্বান জানিয়েছে।
পেন্টাগনের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, হাসপাতালে মর্মান্তিক ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। হাসপাতালটি মেরামতের জন্যও তহবিল সরবরাহ করা হবে বলে জানায় পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এ হামলার জন্য ক্ষমা চেয়েছেন। এমএসএফ এখনো ৩০ কর্মীকে শনাক্ত করার চেষ্টা করছে। বিবিসি।