পুয়ের্তো রিকোতেও জয় পেলেন হিলারি

মার্কিন যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জয় পেয়ে দলটির প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পাওয়ার দৌড়ে আরেকটু এগিয়ে গেলেন হিলারি ক্লিনটন। এই দ্বীপরাজ্যে রবিবার দলটির প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের ভোটাভুটি ‘প্রাইমারি’ অনুষ্ঠিত হয়।
 
এতে প্রতিদ্বন্দ্বী বর্নি স্যান্ডার্সকে হারিয়ে হিলারি জয় পেয়েছেন বলে এনবিসি নিউজের খবরে বলা হয়েছে। আসছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আরো ছয়টি রাজ্যে ডেমোক্রেট দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে। ওই পর্বে নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতেও ভোটাভুটি হবে।
 
তার আগে পুয়ের্তো রিকোর এই জয়ে হিলারি সমর্থকরা উজ্জীবিত হয়ে উঠেছে। আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির টিকেট পেতে হিলারিকে আর অল্প কিছু ডেলিগেট সমর্থন জয় করতে হবে। মঙ্গলবার রাত ৮টায় নিউ জার্সির ভোটাভুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হিলারি প্রয়োজনীয় দুই হাজার ৩৮২ ডেলিগেটের সমর্থন যোগাড় করে ফেলবেন বলে আশা করছে হিলারি সমর্থকরা। এবং তা হলে হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, অন্তত এখনও পর্যন্ত তাই ধারণা করা হচ্ছে।  
 
তবে ভারমন্টের সিনেটর প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী স্যান্ডার্সের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় হিলারির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই প্রাইমারিতে যিনিই জিতুন, সব ডেলিগেট ভোট তিনি পাবেন না। প্রাপ্ত ভোট অনুযায়ী মনোনয়ন প্রত্যাশী দুজনের মধ্যে ডেলিগেট ভোট ভাগ করে দেওয়া হবে।
 
এতে ধারণা করা হচ্ছে, হিলারি এখানে হারলেও মনোনয়ন পেতে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট ভোট তিনি ঠিকই জয় করে নিতে পারবেন। আর তা হলে, প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মোকাবিলা করবেন। হয়তো এই দুজনের মধ্যে থেকেই যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের পরবর্তী রাষ্ট্রনায়ককে বেছে নেবেন। বিবিসি।