জাপানে মার্কিন নেভি সদস্যদের অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা

জাপানে অবস্থানরত সকল নেভি সদস্যদের অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা বলবত থাকা অবস্থায় ঘাঁটির বাইরের সব রকম তৎপরতা থেকেও বিরত থাকতে বলা হয়েছে তাদের।
 
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দেশটিতে একজন নাবিককে গ্রেফতার করার পর শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা দেয়া হল। রবিবার মদ পান করে গাড়ি চালানোর সময় তিনটি দুর্ঘটনা ঘটান ২১ বছর বয়সী পেটি অফিসার অ্যাইমি মেজিয়া। এই ঘটনায় দুই জন আহত হন।
 
জাপানের ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি গেঁড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর আগে এক জাপানি নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয় সেখান থেকে। ওকিনাওয়ায় মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে স্থানীয় জনগণ। সূত্র: বিবিসি