কাজাখস্তানে বন্দুকধারী-পুলিশ লড়াইয়ে নিহত ১০

কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বন্দুকের দোকান ও সামরিক বাহিনীর একটি ইউনিটের উপর সন্দেহভাজন ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের হামলায় ৬ জন নিহত হয়েছেন। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীদের ৪ জনও নিহত হয়েছেন।
 
আকতোবে শহরে হামলাকারীদের মধ্যে চারজন পুলিশের গুলিতে নিহত হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। শহরের অধিবাসীদের ঘরে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলমাস সাদুবায়েভ বলেন, হামলাকারীরা 'মৌলবাদ, অ-প্রথাগত ধর্মীয় আন্দোলনের অনুসারী।'
 
এই শব্দবন্ধ সাধারণত ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাজাখস্তানে ইসলামি জঙ্গি হামলা বিরল।
 
প্রসঙ্গত, ২০১১ সালে এই আকতোবে শহরেই কাজাখস্তানের প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। শহরটি রাশিয়ান সীমান্তের কাছে অবস্থিত। সূত্র: বিবিসি