বোকো হারাম জঙ্গিদের হামলায় ২৬ সৈন্যের মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে নাইজার। দেশটিতে বোকো হারামের এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
প্রতিরক্ষামন্ত্রী হাসুমি মাসুদু রবিবার বলেন, ‘আমরা অবশ্যই লড়াই চালিয়ে যাব এবং অবশ্যই বোকো হারামের হামলার প্রতিশোধ নেবো।’
নাইজেরিয়া সীমান্তের কাছে বোসোর একটি দুর্গে সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। গত শুক্রবার জঙ্গিরা এ হামলা চালায়।
সেনা প্রধান ও বহুজাতিক বাহিনীর প্রধান নাইজেরিয়ার জেনারেল লামিদি আদিওসানকে সঙ্গে নিয়ে সামরিক ঘাঁটি পরিদর্শন করেন হাসুমি মাসুদু। বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ করতে নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও শাদের সৈন্য নিয়ে বহুজাতিক বাহিনী গঠন করা হয়েছে।
সোমবার সরকারি এক বিবৃতিতে বলা হয়, বোসোর সামরিক ঘাঁটিতে বোকো হারামের হামলায় নাইজারের ২৬ এবং নাইজেরিয়ার দুই সৈন্য নিহত হয়।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলায় মোট ৩২ সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছিল। সূত্র: এএফপি