হোয়াইট হাউসে মোদী, এমটিসিআরে প্রবেশ করছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি হোয়াইট হাউসে পৌঁছান বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সেখানে তাকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। এদিকে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিগাইমে প্রবেশ করছে। এদিকে ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ বলেছেন, তারা এমন একজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যিনি কথা বলতে পারেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওভাল অফিসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এক ঘণ্টা বৈঠক করবেন। তারপর তারা যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন। এরপর দুই নেতা হাউসের ক্যাবিনেট কক্ষে দুপুরের খাবার খাবেন। এই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও অংশ নেবেন। ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। গত সোমবার তিনি যুক্তরাষ্ট্রে যান। আরলিংটনের জাতীয় সমাধি সৌধে শায়িত অজানা সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সফরের কাজ শুরু করেন মোদী। এরপর প্রধানমন্ত্রী মোদী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং কল্পনা চাওলার পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেন। তারা কয়েক বছর আগে এক দুর্ঘটনায় নিহত হন। সোমবার প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট এক প্রেস ব্রিফিংয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার প্রশংসা করেন।
 
মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিগাইমে (এমটিসিআর) প্রবেশ করতে যাচ্ছে ভারত। ৩৪ জাতির এই সংস্থায় প্রবেশ করতে প্রেসিডেন্ট ওবামার সায় আছে। ভারত এই সংস্থায় ঢুকতে পারবে কি পারবে না সেই বিষয়ে কোনো আপত্তি থাকলে তা সোমবারের মধ্যে জানানোর কথা ছিল। কিন্তু কোনো দেশই ভারতকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি তোলেনি। এমটিসিআর’র চারজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। এই সংস্থার সদস্য হওয়ার ফলে ভারত উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রপ্তানি ও আমদানি করতে পারবে। এ ছাড়া দেশটি আমেরিকা থেকে শিকারি ড্রোনও কিনতে পারবে।