বোমা বিস্ফোরণের হুমকির কারণে ইজিপ্টএয়ারের একটি যাত্রীবাহী বিমান বুধবার উজবেকিস্তানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটি মিসরের রাজধানী কায়রো থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছিল।
এক বিবৃতিতে জানানো হয়েছে, উজবেকিস্তানের উত্তরে আরজেঙ্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এ৩৩০-২২০ বিমানটি থেকে ১১৮ জন যাত্রী এবং ১৭ জন ক্রুর সবাইকে নামিয়ে দেয়া হয়। এতে আরো বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষকে দিয়ে বিমানটি তল্লাশি চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিমানটির জরুরি অবতরণ নিয়ে এখন পর্যন্ত ইজিপ্টএয়ারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিসরীয় কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, অজ্ঞাত এক ব্যক্তি কায়রো বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে টেলিফোন করে বেইজিংগামী বিমানটিতে বোমা থাকার কথা বলেন। ওই কর্মকর্তা জরুরিভিত্তিতে বিমানটির সঙ্গে যোগাযোগ করে নিকটতর কোনো বিমানবন্দরে অবতরণ করতে বলেন।
এদিকে মিসরের বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বিমানটিতে উজবেক নিরাপত্তা কর্মকর্তারা বোমাসদৃশ একটি বস্তু খুঁজে পেয়েছেন এবং বিমানটি ‘পুনরায় যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে’। উল্লেখ্য, এর আগে গত মাসে প্যারিস থেকে কায়রোগামী ইজিপ্টএয়ারের আরেকটি যাত্রীবাহী বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছিল। এতে বিমাটিতে থাকা ৬৬জন আরোহীর সবাই নিহত হন।