আফ্রিকা থেকে ইউরোপে মানবপাচারের ‘হোতা’ হিসেবে সন্দেহভাজন যে ব্যক্তিকে ইতালির কাছে হস্তান্তর করা হয়েছে, তার বন্ধুদের দাবি পুলিশ ‘ভুল’ লোককে গ্রেফতার করেছে। তদন্তকারীদের বিশ্বাস, আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের পাচার চক্রের কেন্দ্রবিন্দু 'দ্য জেনারেল' নামে পরিচিত মেরেদ মেদহানি।
কর্তৃপক্ষ মেরেদ হিসেবে চিহ্নিত করে গত মাসে সুদান থেকে এক ইরিত্রীয় ব্যক্তিকে গ্রেফতার করে, মঙ্গলবার তাকে সুদান থেকে আকাশপথে ইতালিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই ইরিত্রীয় ব্যক্তির বন্ধুরা বিবিসিকে জানিয়েছে, পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং যাকে ধরে নেওয়া হয়েছে সে 'নির্দোষ'।
সুদানে ওই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) বলেছে, 'এটি বহু অংশীদারের সমন্বয়ে করা একটি জটিল অভিযান ছিল, আর এসব দাবির বিষয়ে মন্তব্য করার মতো সময় এখনও হয়নি।'
ইতালীয় এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সন্দেহভাজন মানব পাচারকারীর পরিচয় নিয়ে কোনো তদন্ত চলছে বলে তার জানা নেই। সঠিক ব্যক্তিই তাদের হেফাজতে আছে, ইতালীয় পুলিশ এখনও এ ধারণাতেই আচ্ছন্ন হয়ে আছে বলে তারা বুঝতে পেরেছে বলে জানিয়েছে বিবিসি।
এনসিএ জানিয়েছে, খার্তুমের একটি ঠিকানা ধরে ওই সন্দেহভাজনকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়েছে। রোমে আনার পর ওই ব্যক্তির ছবি বুধবার বিভিন্ন জনকে দিয়েছে ইতালীয় পুলিশ।
হেরমন বেরহে নামে ইথিওপিয়ায় বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে কথা বলেছে বিবিসি। ওই ব্যক্তি জানিয়েছেন, ছবির ব্যক্তি ও তিনি ইরিত্রিয়ায় একই সঙ্গে বড় হয়েছেন। বেরহে বলেছেন, 'এ ধরনের কোনো বিষয়ে তার শরীরের কোনো একটি হাড়ও জড়িত আছে বলে আমি ভাবতে পারি না।'
আরেক ইরিত্রীয় ব্যক্তি বিবিসির প্রতিনিধিকে জানিয়েছেন, সম্প্রতি সুদানে তিনি গ্রেফতার ব্যক্তির সঙ্গে একই বাড়িতে থেকেছেন। মেরন ইস্তেফানোস নামে সুইডিশ-ইরিত্রীয় এক সংবাদিক গত বছর মানবপাচারের কথিত হোতা মেরেদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। ছবি দেখে তিনিও সুইডিশ গণমাধ্যমকে বলেছেন, ছবির ব্যক্তি ওই মেরেদ নয়, বরং একই নামে অন্য এক ব্যক্তি। আফতোনব্লেত সংবাদপত্রকে তিনি বলেন, 'সে খার্তুমে থাকা একজন শরণার্থী মাত্র, হতভাগ্য।'
ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, মধ্য আফ্রিকা ও লিবিয়ায় তৎপর অন্যতম সবচেয়ে বড় অপরাধী চক্রের 'নেতা ও সংগঠক' হিসেবে মেরেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এক ইথিওপীয় সহযোগীকে নিয়ে একটি মানবপাচারকারী চক্র পরিচালনার জন্য মেরেদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তদন্তকারীরা। মেরেদের ওই সহযোগী এখনও ধরা পড়েনি। এই দুই ব্যক্তি অন্যান্য অপরাধী দলের কাছ থেকে অভিবাসন প্রত্যাশী অপহৃত ব্যক্তিদের কিনে নিয়ে তাদের সাগরের চলাচলের অনুপযুক্ত নৌকাযোগে ভূমধ্যসাগর পথে ইউরোপে পাচার করে বলে অভিযোগ করা হয়েছে।
লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মাম গাদ্দাফির মতো সাজসজ্জার কারণে মেরেদ 'দ্য জেনারেল' নামে পরিচিতি পেয়েছেন। বিডি নিউজ ও বিবিসি।