ইথিওপিয়ার ৪৩ সেনাকে হত্যার দাবি আল শাবাবের

সোমালিয়ার কেন্দ্রীয় অঞ্চলে আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইথিওপিয়ার ৪৩ সেনাকে হত্যার দাবি করেছে সোমালি জঙ্গিগোষ্ঠী আল শাবাব। সোমালিয়ার হালগান টাউনের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা বিকট একটি বিস্ফোরণের পর ব্যাপক গুলি বিনিময়ের শব্দ শুনেছেন।
 
এইউ মিশন (অ্যামিসম) এই হামলার কথা নিশ্চিত করলেও ‘শত্রুদের সাফল্যজনকভাবে রুখে দেওয়া হয়েছে’ বলে দাবি করেছে। আল শাবাবের বিদ্রোহীদের কাছ থেকে দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সোমালি সরকারকে সহায়তা করছে অ্যামিসম।
 
ধারাবাহিক কয়েকটি ট্যুইটে অ্যামিসম জানিয়েছে, তাদের সেনারা সোমালি সেনাবাহিনীর সেনাদের সহাযোগীতায় ‘হামলাকারীদের হটিয়ে দিয়েছে। যৌথ বাহিনীর ধাওয়ার মুখে হামলাকারীরা পালানোর চেষ্টা করছে বলে একটি টুইটে দাবি করা হয়েছে। সোমালিয়ায় অ্যামিসমের ২২ হাজার সেনার একটি শক্তিশালী বাহিনী মোতায়েন আছে। আফ্রিকার পাঁচটি দেশের সেনাদের নিয়ে বাহিনীটি গঠিত যাদের মধ্যে ইথিওপিয়া অন্যতম।
 
এই প্রথম সোমালিয়ায় ইথিওপিয়ার পরিচালিত অ্যামিসমের একটি ঘাঁটি আক্রান্ত হল।  জানুয়ারিতে সোমালিয়ার দক্ষিণাঞ্চলের এল আদিতে কেনিয়ার পরিচালিত অ্যামিসম ঘাঁটিতে হামলা চালিয়েছিল আল শাবাব জঙ্গিরা।
 
ওই হামলায় একশ জনেরও বেশি কেনীয় সেনাকে হত্যার দাবি করেছিল আল শাবাব, কিন্তু কেনীয় কর্তৃপক্ষ নিহতের ওই সংখ্যাটি নিশ্চিত করেনি। এদের ছাড়ারও বুরুন্ডি ও উগান্ডার পরিচালিত অ্যামিসমের ঘাঁটিতেও হামলা চালিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিগোষ্ঠীটি। আল জাজিরা।