পশ্চিম তীরে সেনা মোতায়েন করেছে ইসরাইল

তেল আবিবে বন্দুকধারীদের হামলায় চার ইসরাইলী নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে কয়েকশ’ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরাইল। এর পাশাপাশি তেল আবিবেও পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
 
বুধবার রাতে বন্দুকধারীরা ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাসদর দফতরের কাছে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে। হামলায় আহত হন আরও ছয় ব্যক্তি। ইসরাইলের দাবি, দুই ফিলিস্তিনি বন্দুকধারী পশ্চিম তীরের হেবরন শহরের ইত্তা গ্রাম থেকে এসে এই হামলা চালিয়েছে।
 
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পুলিশ দুই হামলাকারীকে গ্রেফতার করেছে। এদের একজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
 
হামলার পর প্রায় ৮৩ হাজার ফিলিস্তিনি নাগরিকের ইসরাইলে প্রবেশের পারমিট স্থগিত করেছে তেলআবিব।
 
প্রসঙ্গত, ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে গত বছর থেকে ইসরাইলে ফিলিস্তিনি হামলার প্রবণতা বেড়েছে। গত অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরাইল সহিংসতায় কমপক্ষে ২০৭ জন ফিলিস্তিনি ও ৩২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা ও বিবিসি