কলম্বিয়ায় বিনা ভিসায় প্রবেশ করায় বাংলাদেশিসহ ৩৭ দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। মানবপাচারকারীরা অবৈধভাবে কলম্বিয়ায় প্রবেশ করিয়ে তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায় বলে দেশটির শুক্রবার কর্মকর্তারা জানান।
কলম্বিয়ার নৌবাহিনী জানিয়েছে, মানবপাচারকারীরা তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে অসহায় অবস্থায় রেখে যাওয়ার পর তাদেরকে পানামা সীমান্তবর্তী রিওসুসিও শহরের কাছে পাওয়া গেছে। এদের মধ্যে ৩৬ পুরুষ ও এক নারী রয়েছে। এসব অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান থেকে এসেছে।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা তাদেরকে বন্দর নগরী টার্বোতে স্থানান্তর করেছে। সেখানে তাদেরকে খাবার ও ওষুধ দেয়ার পর অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।
টার্বোর সরকার সচিব এমেলিডেস মুনোজ বলেন, কলম্বিয়ার কর্মকর্তারা টার্বোতে বৈধ কাগজবিহীন ৩২২ জনকে দেশটিতে প্রবেশে বাধা দেয়। এদের অধিকাংশই কিউবার নাগরিক। এরা এখন আশ্রয়কেন্দ্রে অপেক্ষমাণ রয়েছে। তারা এখানে থাকতে পারবে কিনা অভিবাসন কর্মকর্তারা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। খবর: এএফপি।