ব্রাজিলে অলিম্পিক ভেন্যুতে 'সুপার ব্যাক্টেরিয়া'

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সৈকত ও লেগুনে ওষুধ প্রতিরোধী ভয়ঙ্কর ‘সুপার ব্যাক্টেরিয়া’ পাওয়া গেছে। সুপার ব্যাক্টেরিয়া যেখানে পাওয়া গেছে সেখানে অলিম্পিকের রোইং প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে।
 
চলতি বছরের ৫ অগাস্ট থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস।
 
দুটি অপ্রকাশিত গবেষণা প্রবন্ধে সুপার ব্যাক্টেরিয়ার সন্ধান পাওয়ার বিষয়টি উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। সাধারণত হাসপাতালে এরকম ব্যাক্টেরিয়ার দেখা পাওয়া যায়।
 
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) গবেষণায় প্রথম সুপার ব্যাক্টেরিয়া শনাক্ত হয়। এসব ব্যাক্টেরিয়াকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সুপার ব্যাক্টেরিয়াকে প্রতিরোধ করা সম্ভব না হলে আগামী বছরগুলোতে বহু মানুষের মৃত্যুর কারণ হবে এরা। যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহারকে ওষুধ প্রতিরোধী ব্যাক্টেরিয়া সৃষ্টির জন্য দায়ী করা হয়।