নতুন তালেবান প্রধানের প্রতি জাওয়াহিরির আনুগত্য প্রকাশ

 
আল কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি অনলাইনে এক অডিও বার্তায় আফগান তালেবানের নতুন প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তবে জাওয়াহিরির এই অডিও বার্তার সত্যতা তাত্ক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর দ্য ডনের।
 
পূর্বসূরী মোল্লা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে নিহত হওয়ার পর গত মাসে হাইবাতুল্লা তালেবানের নতুন নেতা হিসেবে নিয়োগ পান। অপরদিকে ২০১১ সালে মার্কিন নেভি সিলের সদস্যরা ওসামা বিন লাদেনকে হত্যা করলে জাহওয়াহিরি আল কায়েদা প্রধানের দায়িত্ব নেন। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় লুকিয়ে আছেন বলে ধারনা করা হয়। রেকর্ডকৃত ১৪ মিনিটের ওই অডিও বার্তায় জাওয়াহিরি বলেন, ‘জিহাদের জন্য আল কায়েদার নেতা হিসেবে ওসামার পথে ইসলামী রাষ্ট্রকে সমর্থন করতে মুসলিম জাতিকে আমন্ত্রণ জানাতে আমি আরো একবার আমার আনুগত্য প্রকাশ করি।’
 

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেছিল এবং পুনরায় দেশটির নিয়ন্ত্রণ নিতে তারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু তালেবান কমান্ডার সংগঠনটি থেকে বেরিয়ে গিয়ে ইরাক ও সিরিয়ায় তত্পর আইএসের (ইসলামিক স্টেট) প্রতি তাদের সমর্থন জানিয়েছন।