সিরিয়ায় অস্ত্র পাঠানোয় মার্কিন নাগরিকের ৩২ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে শুক্রবার ৩২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ সিরিয়ায় জিহাদিদের কাছে সামরিক সরঞ্জাম পাঠিয়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তাকে এ সাজা দেওয়া হয়।
 
সিরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমিন আল-বারউদি (৫০) হাজার হাজার ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয়ের কথা গত জানুয়ারি মাসে স্বীকার করে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে নানা ধরনের অস্ত্র ও বুলেট প্রুফ পোশাক রয়েছে। বাশার আল-আসাদ সরকারকে উত্খাতে যুদ্ধরত জঙ্গি গ্রুপ আহরার আল-শামের জন্য এসব অস্ত্র ক্রয় করা হয়। আদালতের বিবরণে বলা হয়, বারউদি ও তার সহযোগীরা তুরস্কগামী বাণিজ্যিক ফ্লাইটে এসব সামরিক সরঞ্জাম বহন করে এবং পরে তা সিরিয়ায় পাচার করে দেয়। ২০১৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এ ধরনের দুটি ট্রিপে এসব সরঞ্জাম পাচার করার দায়ে বারউদিকে অভিযুক্ত করা হয়। সূত্র: এএফপি