ফিলিস্তিনিদের ইসরাইলে প্রবেশের সিদ্ধান্ত বাতিল করায় তাদের ওপর সমষ্টিগত শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। আন্তর্জাতিক আইনে এ ধরনের শাস্তি দেওয়া নিষিদ্ধ সত্ত্বেও দেশটির এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি তেল আবিবে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঐ কর্মকর্তা।
গত বৃহস্পতিবার ৮৩ হাজার ফিলিস্তিনিকে ইসরাইলে প্রবেশের অনুমতি বাতিল করে দেশটির সামরিক বাহিনী। অধিকৃত পশ্চিমতীরে শত শত সেনা সদস্য পাঠানো হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির রাজধানী আবিবের একটি ব্যস্ততম মার্কেটে বন্দুকধারীদের হামলায় ৪ জন ইসরাইলি নিহত এবং ৫ জন আহত হয়। এ ঘটনায় জড়িতদের মধ্যে দুইজন ফিলিস্তিনি বলে সন্দেহ করা হয়। এ ঘটনার পরই দেশটির পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইনের মুখপাত্র রাভিনা সামদাসানি সাংবাদিকদের জানান, এই উত্তেজনাময় পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ ফিলিস্তিনি জনগণের মধ্যে ন্যায়বিচারহীনতার বোধ এবং হতাশার জন্ম দেবে। জানা যায়, যে ২০৪ জন ব্যক্তিকে ইসরাইলে কাজের অনুমতি দেওয়া হয়েছিল হামলাকারীদের মধ্যে তারাও রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে সামদাসানি আরো জানিয়েছেন, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার মানবিক অধিকার দেশটির রয়েছে। তবে সেটি হওয়া উচিত প্রকৃত অপরাধীদের ক্ষেত্রে, শত শত হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি জনগণের প্রতি নয়। -আল জাজিরা