২০১৫ সালে ভারতে ১ লাখ ৪০ হাজার প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়

ভারতে গত এক বছরে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভারতের সরকারি তথ্যে এই বিপুল প্রাণহানির বিষয়টি উঠে এসেছে।
 
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা দেশটিতে ২০১৪ সালের তুলনায় প্রায় চার দশমিক ছয় শতাংশ বেড়েছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে।
 
ভারতের সড়কগুলোতে গত বছর পাঁচ লাখেরও বেশি দুর্ঘটনা হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের বয়স ১৫ থেকে ৩৪ বছরের মধ্যে।
 
চালকদের অদক্ষতা আর ভাঙাচোরা সড়কের কারণে ভারতে দুর্ঘটনা ঘটা খুবই সাধারণ ব্যাপার।
 
পরিবহণ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ২০১৫ সালে এক লাখ ৪৬ হাজার ১৩৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন যা তার আগের বছর ছিল এক লাখ ৩৯ হাজার ৬৭১। গত বছর পাঁচ লাখ এক হাজার ৪২৩ টি দুর্ঘটনা হয়েছে। প্রতিদিন হিসাবে দুর্ঘটনার সংখ্যা এক হাজার ৩৭৪।
 
দেশটির ২৯ টি প্রদেশের মধ্যে তামিল নাড়ু, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কর্নাটক, কেরালা ও উত্তর প্রদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।