জার্মানিতে ১১ তুর্কি বংশোদ্ভূত এমপিকে হত্যা হুমকি

তুর্কি বংশোদ্ভুত ১১ জন জার্মান এমপিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ চালাকালে জাতিগত আর্মানীয়দের ওপর তুর্কি অটোম্যান সাম্রাজ্য পরিচালিত গণহত্যাকে স্বীকৃতি দেয়ার পক্ষ নেয়ার পর তারা হত্যা হুমকি পেলেন। হুমকিপ্রাপ্তদের নিরাপত্তা জোরদার করেছে জার্মান সরকার।
 
১৯১৫ সালের ওই হত্যালীলাকে সম্প্রতি জার্মানি সরকার আনুষ্ঠানিকভাবে 'হণহত্যা' হিসেবে স্বীকৃতি দেয়। আর্মানিয়ার দাবি তখন প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করেছিল তুরস্ক। তবে গণহত্যার কথা অস্বীকার করে তুরস্ক বলছে, নিহতের সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে।
IMG0
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকিপ্রাপ্ত এমপিদের তুরস্ক সফর করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, সেখানে তাদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
 
আর্মেনীয় গণহত্যার বিষয়ে জার্মান সরকারের সিদ্ধান্তকে সমর্থন করায় এই এমপিদের সমালোচনা করেছিল আঙ্কারা। এমনকি জার্মানিতে বসবাসকারী বিশাল তুর্কি জনগোষ্ঠীও মের্কেল সরকারের পক্ষ নেয়ায় এই এমপিদের সমালোচনায় সরব হয়েছিল।
 
জার্মান সরকারের এই সিদ্ধান্ত তুরস্ককে ক্ষব্ধ করেছে। আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেয়ার পর থেকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। সূত্র: বিবিসি